২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাতের আঁধারে সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হয় বলে পাটকেলঘাটা থানার ওসি জানান।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2026, 05:03 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

গভীর রাতে সাতক্ষীরার তালা উপজেলায় বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে কার্যালয়ের আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে গেছে।

রোববার রাত ২টার দিকে রাইস মিল এলাকায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হয় বলে পাটকেলঘাটা থানার ওসি এইচ এম লুৎফর কবির জানান।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার বলেন, “রাতের আঁধারে পরিকল্পিতভাবে কার্যালয়ের ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। লোকজন টের পেয়ে এসে আগুন নিভিয়েছে। তারপরও অফিসে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। আশপাশের অনেক স্থাপনা আগুনের হাত থেকে বেঁচে গেছে।” 

এ ধরনের অগ্নিসংযোগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।  

পাটকেলঘাটা থানার ওসি লুৎফর কবির বলেন, “আগুনে কয়েকটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি খালি পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”