যশোরে ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, লাখ টাকা জরিমানা
অভিযান চালানোর সময় দুই দোকানের মালিককে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
যশোরের চৌগাছা উপজেলায় দুই দোকান থেকে ছয় হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ ঘটনায় রোববার বিকালে উপজেলার সলুয়া বাজারে অভিযান চালানোর সময় দুই দোকানের মালিককে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমদ বলেন, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সোয়ায়েব হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় বাজারের নিজাম স্টোর থেকে ছয় লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। এ জন্য দোকান মালিক নিজাম উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অভিযানে মেসার্স আল আমিন ট্রেডার্সের মালিক আমিন উদ্দিনকে ১৫ হাজার জরিমানা করা হয়েছে। জব্দ তেল চৌগাছার ফিলিং স্টেশনে জমা রাখা হয়েছে।
ইউএনও বলেন, জব্দ তেলের মধ্যে পেট্রোল, অকটেন ও ডিজেল রয়েছে। এসব তেল নির্ধারিত মূল্যে সাধারণের মাঝে বিক্রি করা হবে।
