Published : 24 Jun 2026, 05:35 PM
লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে তিন হোটেল মালিক এবং ব্যবসার লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় একটি মুদি দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে পৌর শহরের থানা রোডে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম জান্নাতুল ছিদ্দিকা ও আরাফাত হোসেন।

ভ্রাম্যমাণ আদালত থেকে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির দায়ে সদর থানা রোডের রংধনু হোটেলকে দুই হাজার টাকা, সুবাদ হোটেলকে তিন হাজার এবং কানাই চন্দ্র কর হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ব্যবসার লাইসেন্সের মেয়াদ নবায়ন না থাকায় ‘মেসার্স কানু ভূষণ দাস’ নামের একটি মুদি দোকানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী হাকিম জান্নাতুল ছিদ্দিকা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। সেইসঙ্গে ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে খাদ্য প্রস্তুত ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।