নরসিংদীতে আদালত প্রাঙ্গণে ছাত্রদল নেতাকে ‘এলোপাতাড়ি পিটুনি’
তার মাথায় চারটি সেলাই ছাড়াও পুরো শরীরের আঘাতের চিহ্ন রয়েছে
নরসিংদীতে হাজিরা দিয়ে আদালত থেকে ফেরার সময় এক ছাত্রদল নেতা হামলার শিকার হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলা জজ আদালত ভবনের ৩ নম্বর গেইট এলাকায় নিচ তলার সিডিআর রুমের সামনে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম বলেন, “ওই ছাত্রদল নেতার প্রতিপক্ষ জজ আদালতের ৩ নম্বর গেইট এলাকায় তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে পিটিয়ে আহত করা হয়।”
আহত ২৮ বছর বয়সী সিয়াম হোসেন পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং একই এলাকার এমরান মিয়ার ছেলে।
সিয়ামকে উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়েছে বলে আদালত পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম জানান।
ঘটনার বর্ণনায় আহত সিয়ামের বাবা এমরান মিয়া বলেন, “গত বছরের ডিসেম্বরে ঘোড়াশালের পাইকসা এলাকার একটি ছিনতাই মামলায় হাজিরা দিতে আদালতে যায় সিয়াম।
“সেখান থেকে বের হয়ে যাওয়ার সময় আদালত ভবনের সিডিআর রুমের সামনে গেলে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা তাকে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটুনি দেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।”
সিয়ামের মাথায় চারটি সেলাই ছাড়াও পুরো শরীরের বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন তার বাবা এমরান মিয়া।
