২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে সীসা তৈরির দুটি কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

গাইবান্ধা থেকে শ্রমিক এনে পুরোনো ব্যাটারি পুড়িয়ে সেখানে সীসা তৈরি ও বিক্রি করে আসছিল একটি চক্র।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2025, 12:52 AM

Updated : 26 Aug 2026, 11:40 AM

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সীসা তৈরির দুটি কারখানা ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

সোমবার দুপুর ২টায় উপজেলার সাগরদিঘী ইউনিয়নের মালিরচালা এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান ঘাটাইল উপজেলা নির্বাহী হাকিম শারমিন ইসলাম।

তিনি জানান, মালিরচালা এলাকাটি পাহাড়ি হওয়ায় সেখানে গাইবান্ধা জেলা থেকে শ্রমিক এনে দীর্ঘদিন ধরে পুরোনো ব্যাটারি আগুনে পুড়িয়ে সীসা তৈরি ও বিক্রি করে আসছিল একটি চক্র। 

এতে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে। স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে অভিযান চালিয়ে এস্কেভেটের দিয়ে সীসা কারখানা দুটি গুঁড়িয়ে দেওয়া হয়।

বন ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী হাকিম শারমিন ইসলাম।

অভিযানে টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক, ফায়ার সার্ভিস কর্মকর্তা ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।