Published : 05 Jul 2026, 12:09 AM
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় সালিস বৈঠকে কথা কাটাকাটির জেরে এক বৃদ্ধকে গুলি করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার বিকালে উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদ উল্যাহ পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান।
গুলিবিদ্ধ নজরুল ইসলাম (৭০) ওই গ্রামেরই বাসিন্দা।
স্থানীয়রা জানান, ইসমাইল হোসেন ফারুক ও তার স্ত্রী আয়েশা বেগমের মধ্যে পারিবারিক বিরোধ চলছে। এ নিয়ে শনিবার সকালে স্থানীয়ভাবে সালিস বৈঠক বসে। বৈঠকে ফারুকের চাচা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। তখন নজরুল ইসলামের সঙ্গে আয়েশা বেগমের কথা কাটাকাটি হয়।
তখন সালিস ভেঙে যায়। সন্ধ্যায় আবার সবাইকে নিয়ে বৈঠকের কথা বলা হয়। তখন আয়েশা বেগম তার ঢাকায় থাকা ছেলে আশিককে কথা কাটাকাটির কথা জানান। আশিকও সন্ধ্যায় ঢাকা থেকে ফেনীতে এসে বৈঠকে যোগ দেন।
তখনও নজরুল ইসলামের সঙ্গে আয়েশা বেগমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আশিক উত্তেজিত হয়ে নজরুল ইসলামকে গুলি করেন বলে অভিযোগ ওঠে।
আশিকের বাবা ইসমাইল হোসেন ফারুক বলেন, “এখন সে আমাকেও হুমকি দিচ্ছে। আমি এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
গুলিবিদ্ধ নজরুল ইসলাম বলেন, “ফারুক আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। সালিস বৈঠকে ফারুকের স্ত্রী আয়েশা উত্তেজিত হয়ে ওঠে। সে কারো কথা শুনতে রাজি ছিল না। এ নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জের ধরে আশিক এসে আমাকে বাম হাতে গুলি করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার শামিম মোহাম্মদ আফজাল বলেন, “গুলিবিদ্ধের অভিযোগে বৃদ্ধকে আনা হয়েছে। আমরা উনাকে এক্সরে করতে বলেছি। এক্সরে করার পর গুলি ভিতরে আছে কিনা বলা যাবে। উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী স্থানান্তর করা হয়েছে।”
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী সাংবাদিকদের বলেন, “ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”