Published : 02 Apr 2026, 07:56 PM
গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি পোশাক কারখানার তিন কর্মকর্তাকে অপহরণের পর আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণের অভিযোগ উঠেছে। পরে অপহৃতদের উদ্ধার ও জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হয় বলে জানান শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ।
এর আগে বুধবার রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে ডিবিএল গ্রুপের জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানা সামনে থেকে তিনজনকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।
অপহৃতরা হলেন- ওই কারখানার কাটিং শাখার কর্মকর্তা নিশাদ (৩৫), মিঠুন (৩২) এবং অরূপ কুমার (৩৮)। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
গ্রেপ্তাররা হলেন- শাহীন আলম (২৬), নয়ন মিয়া (৩৪), রবিন (৩০) দুলাল মিয়া (৩৩) এবং মাহাবুব হোসেন (৩০)। তারা গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের বাসিন্দা।
জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানায় মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মাহ্মুদুল হুদা বলেন, “রাতে কারখানার তিন কর্মকর্তা প্রধান ফটকের সামনে চা-নাস্তা খেতে যান। এ সময় ফিল্মি স্টাইলে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাটি পুলিশে জানাই।
“কয়েক ঘণ্টা খোঁজার পরও তিনজনের সন্ধান পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে ওই এলাকার ইমনের বাড়ির পাশে একটি ঘর থেকে অবরুদ্ধ ও আহত অবস্থায় তাদের পাওয়া যায়। মুক্তিপণের জন্য তাদের মারধর করে কুপিয়ে আহত করা হয়।”
ওসি নাছির আহমেদ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিন ভিকটিমকে উদ্ধার করা হয়। ভিকটিমদের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। পরে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, এ চক্রের প্রধান ইমনসহ আরও তিন সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।