২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে দেবিদ্বার থানার ওসি ছামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2025, 10:01 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে দেবিদ্বার থানার ওসি ছামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান।  

নিহতরা হল- ওই গ্রামের হাকিম হুজুরের বাড়ির আব্দুল জলিল মিয়ার ছেলে জারিফ হোসেন (২) এবং একই বাড়ির মো. সোহাগ হোসেনের মেয়ে নাবিলা আক্তার (২)। তারা চাচাত ভাইবোন।   

শিশুদের চাচা মো. সাকিব হাসান বলেন, “সকালে উঠানে ভাইবোনকে খেলা করতে দেখেছি। এরপর আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তারা পুকুরে ভেসে ওঠে।” 

তাদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেও চিকিৎসক একই কথা বলেন বলে জানান সাকিব হাসান। 

চান্দপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আশরাফুল ইসলাম বলেন, “আমি খোঁজ নিয়েছি। এটি মর্মান্তিক। বাড়িতে যেহেতেু পুকুর রয়েছে এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার দরকার ছিল।” 

দেবিদ্বার থানার ওসি ছামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, “ঘটনাটি শুনেছি, এটি অত্যন্ত হৃদয়বিদারক। কেউ অভিযোগ দেয়নি।”