২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ ও টাঙ্গাইলের সড়কে ঝরল আরো ৬ প্রাণ

গোপালগঞ্জের দুর্ঘটনায় আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ ও টাঙ্গাইলের সড়কে ঝরল আরো ৬ প্রাণ
পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে

বিডিনিউজ২৪

গোপালগঞ্জ ও টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2025, 08:34 PM

Updated : 26 Aug 2026, 12:40 PM

গোপালগঞ্জের মুকসুদপুর ও টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় আরো ছয়জনের প্রাণ গেছে। এ দিন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের পেছনে বাসের ধাক্কায় নারীসহ পাঁচজন নিহত হন।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রকিবুজ্জামান বলেন, বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট এলাকায়  মুরগি বহনকারী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ তিনজন নিহত হয়েছেন। 

নিহতরা হলেন- ঢাকা দোহারের তানভীর (৪০), বরিশাল উজিরপুরের নাজমুল (৪২) ও পিকাআপ ভ্যানচালক লাভলু (৪৫)। 

আহত একজনের নাম-ঠিকানা জানাতে পরেনি পুলিশ।

রকিবুজ্জামান বলেন, মুরগিবাহী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দাসেরহাটে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। 

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে মুকসুদপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন।

আহত অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা রকিবুজ্জামান বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অন্যদিকে, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় লরির (প্রাইম মুভার) পেছনে পিকআপ ভ্যানের থাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছেন। 

গোড়াই হাইওয়ে থানার এসআই মো. শাহ আলম বলেন, বৃহস্পতিবার বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত ৩০ বছর বয়সি পিকআপ ভ্যানের চালক আল আমিন গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার বাসিন্দা। তাৎক্ষণিকভাবে অন্য দুজনের নাম জানা যায়নি।

স্থানীয়দের বরাতে পুলিশ জানান, পিকআপটি ঢাকার সাভার থেকে বাসার মালামাল নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। 

উপজেলার গোড়াই মিলগেট এলাকায় পৌঁছলে উত্তরবঙ্গগামী লরির পেছনে থাক্কায় পিকআপটির সামনের অংশ ধুমড়েমুচড়ে যায়। এতে চালক ও পিকআপে থাকা দু্জন নিহত হন। 

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। তবে চালক লরিটি নিয়ে পালিয়ে যান।   

এসআই শাহ আলম বলেন, নিহতদের একজন বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তিনি তার বাসা পরিবর্তনের মালামাল সরাতে পিকআপটি ভাড়া করেছিলেন। এছাড়া অন্যজন পিকআপ চালকের সহকারী। 

আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান শাহ আলম।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা রোগীবাহী অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নারীসহ পাঁচজন নিহত হন। আহত হন আরও ছয়জন।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সের পেছনে বাসের ধাক্কা, নিহত ৫