১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে অভিযানে ১৬ অবৈধ ইট ভাটা বন্ধ, জরিমানা

গেল বছরের শেষের দিকে বন্ধ করা ভাটাগুলো আবার চালু করলে দ্বিতীয় বার অভিযান চালিয়ে সেগুলো বন্ধ করা হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2025, 07:23 PM

Updated : 26 Aug 2026, 11:37 AM

খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে অন্তত ১৬টি ইট ভাটা বন্ধ করেছে প্রশাসন। পাশাপাশি জরিমানাও করা হয়েছে। 

সোমবার সকালে সদর, দীঘিনালা, মাটিরাঙা ও রামগড়ে সংশ্লিষ্ট ইউএনও এবং সহকারী কমিশনারদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 

দীঘিনালার ইউএনও মো. মামুনুর রশীদ বলেন, “ইট ভাটা পরিচালনার জন্য অনুমোদন না থাকায় জেলা প্রশাসকের নির্দেশে উপজেলার দুইটি ইট ভাটার বন্ধ করা হয়েছে। কর্ণফুলী ব্রিকসকে ১ লাখ ও ফোর বি ভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। 

এ সময় ফায়ার সার্ভিস, বন বিভাগের কর্মকর্তা ছিলেন। 

ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে চুল্লির আগুন নিভিয়ে দেন।

খাগড়াছড়ি সদরের ইউএনও সুজন চন্দ্র রায় বলেন, “জেলা সদরের গঞ্জপাড়া, কমলছড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এবিসি, এসঅ্যান্ডবি, আরপিএস ও জেএন ব্রিকস বন্ধ করা হয়। 

“চার ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইট ভাটার চুল্লি নেভানো হয়েছে।”

খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, “অভিযানে খাগড়াছড়ি সদরে চারটি, দীঘিনালায় দুইটি, রামগড়ে পাঁচ এবং মাটিরাঙা পাঁচটি অবৈধ ইটভাটাকে জরিমানা করা হয়। এ সময় ১৬টি ভাটা থেকে প্রায় ১৩ লাখ ৫০ লাখ টাকা জরিমানা আদায় করার পাশাপাশি অনুমোদন না থাকায় সেগুলো বন্ধ করা হয়। জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়। পরে ফায়ার সার্ভিস পানি দিয়ে ইট ভাটার চুল্লির নিভিয়ে দেওয়া হয়। 

এর আগে গেল বছরের ২৩ ডিসেম্বর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে খাগড়াছড়ির ১৫টি ভাটার বন্ধ ও জরিমানা আদায় করা। 

পরে ইট ভাটা মালিকেরা এসব ভাটা আবার চালু করলে সোমবারের অভিযানে আবারও বন্ধ করা হয়। 

আরো পড়ুন:

খাগড়াছড়িতে অবৈধ ১৫ ইটভাটা বন্ধসাড়ে ৮ লাখ টাকা জরিমানা