২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে লুকোচুরি খেলছে: রিজভী

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই মাদ্রাসা মাঠে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে লুকোচুরি খেলছে: রিজভী
সিরাজগঞ্জে এক অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2025, 07:29 PM

Updated : 26 Aug 2026, 12:23 PM

অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে জনগণের সঙ্গে লুকোচুরি খেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, “অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলে নির্বাচন নিয়ে জনগণের সঙ্গে লুকোচুরি খেলা করছে। একবার বলছে জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে, একবার বলে মার্চে, আবার বলছে জুনে হবে। কেন তারা এমন করছে তা আমাদের বোধগম্য নয়।” 

শনিবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই মাদ্রাসা মাঠে জুলাই আন্দোলনে নিহতদের পরিবার এবং হতদরিদ্রদের মাঝে ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, “দেশের গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ছাত্র-জনতা মিলে স্বৈরাচারকে বিদায় করেছে যেন মানুষ তার কথা বলার অধিকার ফেরত পায়, ভোটের অধিকার ফেরত পায়। কিন্তু আমরা লক্ষ্য করছি, স্বৈরাচারী সরকারের মতোই ভোট থেকে জনগণকে দূরে রাখা হচ্ছে।” 

জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, “একটি রাজনৈতিক দলের একাত্তরের ভূমিকা বিতর্কিত, তারা একাত্তরে অপরাধ করেছেন। তাই একাত্তরের স্মৃতিকে ভুলিয়ে দিতে তারা এখন দ্বিতীয় স্বাধীনতার কথা বলছে।” 

বিএনপির সহসাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলীমের অর্থায়নে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল ভূঁইয়া, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক সদস্যসচিব বনী আমিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রামাণিক ও সাবেক সাধারণ সম্পাদক রাজ্জাক মণ্ডল।