Published : 26 Nov 2025, 08:52 PM
ভোলায় মেঘনা নদীর দুই কেজির এক ইলিশ বিক্রি হয়েছে আট হাজার ২০০ টাকায়।
বুধবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মৎস্য ঘাটে আসলাম গোলদারের আড়তে ইলিশটি নিলামে বিক্রি হয়।
আড়তদার বলেন, কাচিয়া ইউনিয়নের জেলে মো. মনির মাঝি ও তার সঙ্গীরা তুলাতুলি ও মদনপুরের মাঝামাঝি মেঘনা নদীতে মাছ ধরছিলেন। তাদের জালে মাছটি ওঠে। স্থানীয়রা একে ‘রাজা ইলিশ’ বলেন।
দুই কেজি ৭৫ গ্রামের ইলিশ মাছটি কিনেছেন ঘাটের আড়তদার মো. জসীম ব্যাপারী।
জসীম ব্যাপারী বলেন, বরিশাল ও ঢাকার পাইকারি আড়তে বড় সাইজের ইলিশের চাহিদা বেশি। তাই তিনি এত বেশি দাম দিয়ে মাছটি কিনেছেন। নয় থেকে সাড়ে নয় হাজার টাকায় বিক্রির আশা করছেন তিনি।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ইলিশ সারাবছর ডিম ছাড়ার জন্য সাগর থেকে নদীতে আসে। তবে বেশি ডিম ছাড়ে অক্টোবর-নভেম্বর মাসে। ওই ইলিশটি সাগর থেকে ডিম ছাড়ার জন্য নদীতে আসে। পরে জেলেদের জালে ধরা পড়েছে।