২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে ৮০% কোটার দাবি হরিজনদের

তারা লিখিত পরীক্ষা শিথিল করে ব্যবহারিক ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ দেওয়ারও দাবি জানান।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2026, 03:49 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের ক্ষেত্রে ৮০ শতাংশ কোটার দাবি করেছেন হরিজন সম্প্রদায়। 

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশগ্রহণকারীরা লিখিত পরীক্ষা শিথিল করে ব্যবহারিক ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ দেওয়ারও দাবি জানান। এই দাবিতে তারা জেলা প্রশাসককে স্মারকলিপিও দিয়েছেন। 

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সভাপতি স্বপন কুমার, সাধারণ সম্পাদক জয় কুমার, হরিজন মানবকল্যাণ সংগঠনের পক্ষ থেকে বাবু বাশফোর, উত্তম কুমার।

বক্তারা বলেন, পরিচ্ছন্নতাকর্মী পদটি মূলত শারীরিক সক্ষমতা ও বাস্তব কাজের অভিজ্ঞতার ওপর নির্ভরশীল। এ পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্যতা নির্ধারণ অনেক সময় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না। ফলে দীর্ঘদিন ধরে এ পেশার সঙ্গে যুক্ত অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিরা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় থাকেন।

তারা বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে পরিচ্ছন্নতা পেশার সঙ্গে যুক্ত অবহেলিত, পিছিয়ে পড়া ও অস্পৃশ্যতার শিকার হরিজন জনগোষ্ঠী এখনো সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের ভার বহন করে চলেছে। তাদের জন্য পরিচ্ছন্নতাকর্মী পদ কেবল একটি চাকরি নয়, বরং বেঁচে থাকার অধিকার ও মর্যাদার সঙ্গে জীবিকা নির্বাহের অন্যতম অবলম্বন।

২৮ ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে নয়টি পরিচ্ছন্নতাকর্মী পদসহ বিভিন্ন পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে তাদের অগ্রাধিকার নিশ্চিত করতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে হরিজন সম্প্রদায়।