১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

লালমনিরহাট সীমান্ত দিয়ে ‘ভারতে প্রবেশের চেষ্টা’, শিশুসহ আটক ৫

তিন বিঘা করিডোর এলাকা থেকে বিজিবি তাদের আটক করে বলে জানায় পুলিশ।

লালমনিরহাট সীমান্ত দিয়ে ‘ভারতে প্রবেশের চেষ্টা’, শিশুসহ আটক ৫
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে শিশুসহ পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2024, 10:04 PM

Updated : 26 Aug 2026, 09:53 AM

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে শিশুসহ পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে; যারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে দাবি বিজিবির।

শুক্রবার দুপুরে উপজেলার তিন বিঘা করিডোর এলাকা থেকে পানবাড়ি বিজিবির সদর কোম্পানির সদস্যরা তাদের আটক করে বলে জানান পাটগ্রাম থানার ওসি আবু সাঈদ চৌধুরী।

আটকরা হলেন- রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া (মধ্যপাড়া) গ্রামের আব্দুল ওহাবের ছেলে মো. আক্তারুল ইসলাম (৪১) তার স্ত্রী মোছা. সোহাগী (৩৫) ও মেয়ে মোছা. লাবনী আক্তার (১৮) এবং একই গ্রামের মো. আউয়াল মোকাদ্দেসের মেয়ে মোছা. মুক্তা আক্তার (৩০) ও তিন বছরের এক শিশু।

বিকালে বিজিবির পানবাড়ি ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, দুপুরের দিকে তিন বিঘা করিডোর ও দহগ্রাম বিজিবি চেকপোস্ট হয়ে দহগ্রাম ইউনিয়ন সীমান্তে দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন ওই পাঁচজন।

এ সময় তল্লাশি ও জিজ্ঞাসাবাদে সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রামের এক বাসিন্দার মাধ্যমে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানায় বিজিবি।

ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, আটকদের থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রক্রিয়াধীন।