২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শ্রমিক সেজে বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি, গ্রেপ্তার ৯

দুই দিন আগে ফতুল্লায় নির্মাণাধীন বিদ্যুৎ সাব-স্টেশনে ঢুকে একদল লোক প্রায় ৬৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে জানায় র‌্যাব।

নারায়ণগঞ্জে শ্রমিক সেজে বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি, গ্রেপ্তার ৯
নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ডিপিডিসির বিদ্যুৎ উপকেন্দ্র থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করেছে র‌্যাব।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2025, 09:10 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ডিপিডিসির বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় নয়জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। এ ছাড়া উদ্ধার করা হয়েছে লুট হওয়া বিভিন্ন মালামাল।

মঙ্গলবার দুপুরে আদমজীতে র‌্যাব-১১ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

সোমবার রাতে রাজধানীর ডেমরা, সারুলিয়া ও ফতুল্লায় অভিযান চালিয়ে নয়নজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

গ্রেপ্তাররা হলেন- বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার প্রয়াত জাহাঙ্গীরের ছেলে মো. লিটন (৩৭), ডেমরার সারুলিয়ার প্রয়াত রফিকুল ইসলামের ছেলে আক্তার হোসেন (৪৪), একই এলাকার মো. সিদ্দিকের ছেলে মো. রোমান (৩২), আব্দুল লতিফের ছেলে মো. রিয়াজ (৩৮), প্রয়াত তোরাব আলীর ছেলে সাইদুল ইসলাম (৩১), ঢাকার যাত্রাবাড়ী এলাকার আনছার আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (২৮), একই এলাকার মুন্সি আব্দুর রাজ্জাকের ছেলে সাগর মুন্সি (৩৮), আব্দুল বারেকের ছেলে মো. আরিফ (২৬) এবং ভোলার কাঞ্চন মাঝির ছেলে মো. শহিদুল (৪০)।

সংবাদ সম্মেলনে সাজ্জাদ হোসেন বলেন, রোববার রাতে শ্রমিকের পোশাক পরে একদল ডাকাত বিদ্যুৎ উপকেন্দ্রে ঢুকে নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে অন্তত ৬৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মামলা হলে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব।

মামলা থেকে জানা গেছে, রোববার রাত ৮টার দিকে ফতুল্লার পিলকুনি এলাকার বিদ্যুৎ সাব-স্টেশনটিতে কর্মরত শ্রমিকের মতো পোশাক পরে ভেতরে প্রবেশ করে তিন ব্যক্তি। প্রথমে তারা নিরাপত্তা কর্মী আব্দুল কুদ্দুস মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে আরও ১৫ থেকে ২০ জন ঢুকে অপর নিরাপত্তা কর্মীদেরও বেঁধে ফেলে এবং মারধর করে।

রাত একটা পর্যন্ত ডাকাতদল সাব-স্টেশন নির্মাণের জন্য রক্ষিত কন্ডাক্টর ক্যাবল, রিং নেটওয়ার্ক, ট্রান্সফরমার ক্যাবল, বৈদ্যুতিক তামার তারসহ বিভিন্ন যন্ত্রাংশ লুট করে। অন্তত ৬৫ লাখ টাকার মালামাল ট্রাকে ভরে নিয়ে যায় তারা।

র‌্যাব-১১ এর অধিনায়ক সাজ্জাদ হোসেন বলেন, অভিযানে লুট হওয়া মালামালের পাশাপাশি একটি ট্রাক, দুটি খেলনা পিস্তল, দুটি চাকু, একটি চাপাতিসহ বারোটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, ডাকাত দলটির প্রধান মো. লিটন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত পাঁচটি ডাকাতি, দুটি অস্ত্র ও একটি মাদকের মামলা রয়েছে। অপর আসামি রোমান ও সাগর মুন্সির বিরুদ্ধে আগেও মামলা হয়েছে।