লক্ষ্মীপুরে ‘তর্কাতর্কির পর’ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ধারালো অস্ত্র দিয়ে তার বুকে ও পেটে আঘাত করে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে এ হত্যাকাণ্ড ঘটে বলে রামগঞ্জ থানার ওসি আব্দুল বারী জানিয়েছেন।
স্থানীয় ইউছুফ নামে এক যুবক এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে হত্যার কারণ কেউ জানাতে পারেনি।
নিহত ৫০ বছর বয়সী আনোয়ার হোসেন ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের আলী রেজা বেপারী বাড়ির বাসিন্দা এবং স্থানীয় নাগমুদ বাজারের কনফেকশনারী ব্যবসায়ী ছিলেন।
তার সংসারে স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় অভিযোগের মুখে থাকা ইউছুফ সাহারপাড়া গ্রামের মাইজের বাড়ির এরশাদ মিয়ার ছেলে। তিনি প্রবাসী ছিলেন। প্রায় দেড় বছর আগে বিদেশ থেকে বাড়িতে এসে তিনি আর বিদেশ যায়নি বলে এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, প্রতিদিনের মতো সকালে আনোয়ার দোকানে খুলে বসে ছিল। ইউছুফ সেখানে যায় এবং আনোয়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দোকানের ভেতরের দিকে ইউছুফ আনোয়ারকে ডেকে নিয়ে যায়। সেখানেই ধারালো অস্ত্র দিয়ে তার বুকে ও পেটে আঘাত করে। পরে ইউছুফ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী জান্নাত আক্তার সাথি বলেন, “আমার স্বামীকে কি কারণে হত্যা করেছে তা বলতে পারছি না। ঘাতক নির্মমভাবে আমার স্বামীকে খুন করেছে। আমি এর বিচার চাই।”
ওসি আব্দুল বারী বলেন, “ব্যক্তিগত বিতণ্ডা থেকে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত ইউছুফ পালিয়ে আছে। তাকে আটকের চেষ্টা চলছে।”
