খুলনায় দেশি-বিদেশি অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার
এ সময় যুবদল নেতা ও তার ছেলেসহ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
খুলনা নগরে দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও মাদকসহ বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় গ্রেপ্তার করা হয়েছে যুবদল নেতা ও তার ছেলেসহ আরও তিনজনকে।
তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি শটগান, দুটি গুলি, দুটি কার্তুজ, ১০৫টি ইয়াবা ও কয়েকটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত দেড়টা থেকে ভোর ৫টা পর্যন্ত নগরের টুটপাড়া তালতলা মেইন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান খুলনা নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) খোন্দকার হোসেন আহম্মদ।
গ্রেপ্তাররা হলেন- নগরের ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সালাউদ্দিন মোল্লা বুলবুল (৪৪), নগর যুবদলের সাবেক সদস্য তৌহিদুর রহমান তৌহিদ (৪২), তার ছেলে তাসফিকুর রহমান (১৯) এবং সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা গ্রামের ভোলানাথপুর এলাকার শফিকুল ইসলাম মোল্লার ছেলে আরিফ মোল্লা (৩১)।
হোসেন আহম্মদ বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি আলাদা মামলা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উদ্ধার হওয়া অস্ত্রগুলো কোনও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি-না, কিংবা ভবিষ্যতে ব্যবহারের পরিকল্পনা ছিল কি-না, সে বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলে জানান মহানগর পুলিশের এই কর্মকর্তা।
