স্ট্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা
শিবলী সাদিক দিনাজপুর-৬ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য।
নিজের ফেইসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন দিনাজপুরের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সীমু। তিনি জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
সোমবার সন্ধ্যায় জেলার হাকিমপুর উপজেলায় বাবার বাড়িতে অবস্থানকালে অতিমাত্রায় ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন রাতে তাকে হাসপাতালে ভর্তি করেন।
আত্মহত্যা চেষ্টার আগে ফেইসবুক আইডিতে একটি পোস্ট দেন খাদিজা মল্লিক সীমু। সেখানে তিনি লেখেন, “আমি যথেষ্ট স্ট্রং ছিলাম। আল্লাহর প্রতি আমার অনেক ভরসা রয়েছে। কিন্তু এই মুহূর্তে আমার বিশ্রাম প্রয়োজন। দীর্ঘ ৭ বছর ধরে আমার সঙ্গে হওয়া অন্যায় জুলুম আমি আর নিতে পারছি না। এই জীবন এভাবে চলতে পারে না। বিয়ের ২-৩ মাস পর থেকে এসব সহ্য করতে করতে আমি আজ ক্লান্ত, আমি শান্তিতে ঘুমাতে চাই।
ফেইসবুকে কয়েকজনের নাম উল্লেখ করে খাদিজা মল্লিক লিখেছেন, “আমি যদি হেরে যায়, আমার হয়ে তোমরা তো সব জানো, সব প্রমাণ তোমাদের কাছেও আছে তোমরা শিবলী সাদিক--- ছেড়ো না, আমার সাথে হওয়া অন্যায় আমি আর মানতে পারছি না। কেউ যদি আমাকে ভালো না বাসে, আমি সেই ধরনের মেয়েই না যে তার কাছে ভালোবাসা ভিক্ষে চাইব, কিন্তু আমার সাত বছরের এফোর্টকে ঐ শিবলী বলে, আমি মন থেকে করিনি বা যা করেছি এটা আমার দায়িত্ব।”
মেয়ের জন্য দোয়া করে তিনি লিখেছেন, “স্নেহা তোমার জন্য আমার দোয়া মা, তুমি ভালো থেকো। তুমি আমার জন্য যথেষ্ট লড়েছো. আমি তোর কাছে কৃতজ্ঞ। আব্বু আম্মু তোমরা আমাকে মাফ করে দিও। আমি তোমাদের অনেক ভালোবাসি। আমার এইর মৃত্যুর জন্য শিবলী সাদিক ও তার রক্ষিতা শামীম দায়ী। আমার এই সিদ্ধান্ত একদম ভুল আমি জানি, বাট উনাদের অনেক টাকা আছে এসব ধামাচাপা পড়ে যাবে।”
খাদিজা মল্লিক সীমুর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে জিয়া হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক মুসা আল আশারী বলেন, তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) আছেন। চিকিৎসা চলছে।
শিবলী সাদিক দিনাজপুর-৬ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। তিনি দেশব্যাপী আলোচিত বিনোদনকেন্দ্র ‘স্বপ্নপূরীর’ মালিক। জুলাই অভ্যুত্থানের পর তিনি আত্মগোপনে চলে যান। তখন থেকেই তার স্ত্রী খাদিজা মল্লিক সীমু হাকিমপুরে বাবার বাড়িতে অবস্থান করছেন।
