ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছুরিকাঘাতে আহত
ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে ছাত্র আন্দোলনের এ নেতা জানিয়েছেন।
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস ‘সন্ত্রাসীদের’ ছুরিকাঘাতের শিকার হয়েছেন।
সোমবার বেলা ১১টার দিকে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে এলাকায় এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান।
২০ বছর বয়সী আয়াস ময়মনসিংহ নগরীর বাগমারা এলাকার মো. মোস্তফা কামালের ছেলে এবং গভমেন্ট ইউনানি মেডিকেল কলেজের শিক্ষার্থী। তারা তারাকান্দার গোবিন্দকিলার বাসিন্দা।
আয়াসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আয়াস বলেন, নেত্রকোণার শ্যামগঞ্জ থেকে ময়মনসিংহ পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে ৪-৫ জন সন্ত্রাসী যুবক তাকে ঘিরে ধরে গালিগালাজ করে এবং ছুরিকাঘাত করে। এতে তার মাথা, পা এবং শরীরের দুই-এক জায়গায় জখম হয়। এ সময় হামলাকারীরা দৌঁড়ে চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
তার ভাষ্য, হামলাকারীদের তিনি চেনেন না। তবে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের পর থেকেই হামলাকারীরা তাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। এ ঘটনার পর তিনি নিরাপত্তা হীনতায় ভুগছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সাকিব হাসান বেলাল বলেন, “আয়াসের মাথা, পেট এবং পায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তার শারীরিক অবস্থা খুব গুরুতর নয় বলে মনে হচ্ছে। তবে শারীরিক পরীক্ষার রিপোর্ট হাত পেলে বাকিটা বলা যাবে।”
এ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব আলী হোসেন বলেন, “আমাদের আন্দোলনে আওয়ামী লীগের মত সরকারের পতন হয়েছে। আওয়ামী লীগ ও তাদের দোসরদের মূল টার্গেট আমরা। যার কারণে আয়াসের উপর আজকের হামলা।
“প্রশাসন কঠোর না হলে এসব হামলা আরও বাড়তে থাকবে। আমরা চাই ঘটনার সঙ্গে জড়িতদের যেন দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয়।”
পরিদর্শক সাইফুল বলেন, “পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। তবে আয়াসকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেনি। সম্ভবত কয়েকজন মিলে তাকে মারধর করেছে।
“প্রত্যক্ষদর্শী এবং ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাটি প্রশাসন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কাজ করছে।”
