পটুয়াখালীতে বিদ্যুৎকেন্দ্রের মালামাল চুরি, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
তবে বিএনপি নেতাকর্মীদের আসামি করার বিষয়টাতে ‘ষড়যন্ত্র’ আছে বলে মনে করেন দলটির ধানখালী ইউনিয়নের সভাপতি আলমগীর।
পটুয়াখালীর কলাপাড়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল চুরির ঘটনায় ৩৪ জনের নামে মামলা হয়েছে; যাদের অধিকাংশই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
কলাপাড়া ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রটির উপ-ব্যবস্থাপক (প্রশাসন) মো. আমিনুল ইসলাম পাঁচ লাখ টাকার ভগ্নাবশেষ (স্ক্র্যাপ) চুরির অভিযোগ এনে মামলাটি করেছেন।
কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, রোববার রাতে দেওয়া অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্তসাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
৩৪ জনের নাম উল্লেখ করে মামলায় অজ্ঞাত আরো ১৬ জনকে আসামি করা হয়েছে।
ওসি বলেন, “আসামিদের মধ্যে কারো নামে দলীয় কোনো পদ-পদবির কথা বলা নেই। তবে সবাই ধানখালী ইউনিয়নের বাসিন্দা।”
তবে বিএনপির একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধান আসামি সোহেল মোল্লা ইউনিয়ন যুবদলের সদস্য। এ ছাড়া ধানখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন মোল্লা, ধানখালী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি শামীম তালুকদার, ইউনিয়ন বিএনপির সদস্য সুলতান সরদার, কামাল তালুকদার, বাহারুল গাজী, উপজেলা ছাত্রদলের নেতা বায়েজিদ মোল্লা, ধানখালী ইউনিয়ন যুবদলের সহসভাপতি বশির মৃধা, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রাসেল আলী, যুবদলের সদস্য স্বপন বয়াতি এবং বিএনপির কর্মী ইব্রাহিম সরকার ও সিরাজউদ্দিনের নাম রয়েছে মামলার আসামির তালিকায়। তাদের বাড়ি ধানখালী ইউনিয়নের গিলাতলা, লোন্দা ও ধানখালী গ্রামে।
তবে বিএনপি নেতাকর্মীদের আসামি করার বিষয়টাতে ‘ষড়যন্ত্র’ আছে বলে মনে করেন দলটির ধানখালী ইউনিয়নের সভাপতি মো. আলমগীর হাওলাদার।
তিনি বলেন, “যিনি মামলার বাদী, তিনি কারো কাছ থেকে প্রভাবিত হয়ে প্রকৃত আপরাধীদের আসামি না করে বিএনপির নেতা-কর্মীদের আসামি করেছেন।
“বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তাকর্মী এবং সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা সিন্ডিকেট করে প্রকৃত চোরচক্রের সঙ্গে আঁতাত করে নিয়মিত মালামাল পাচার করে আসছে। আর মামলা হয়েছে দলীয় যারা সৎ নেতাকর্মী তাদের বিরুদ্ধে।”
সোমবার কলাপাড়া থানার কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছিলেন। এলাকাবাসী তাদেরকে বিস্তারিত জানিয়েছেন বলে জানান বিএনপি নেতা।
মামলায় বলা হয়েছে, ৯ জানুয়ারি রাতে আসামিরা বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে গুরুত্বপূর্ণ তামার তার, লোহার সামগ্রী, স্টিলের পাতসহ বিভিন্ন ধরনের মালামাল চুরি করে গিলাতলা বাজারের কাছে নিয়ে মজুত করে। ১০ জানুয়ারি সকালে এসব মালামাল একটি গাড়িতে পাচারের জন্য তোলা হচ্ছিল।
এ সময় বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তাকর্মীরা কর্মকর্তাদের নিয়ে পুলিশ ক্যাম্পের সদস্যদের সহায়তায় গাড়িসহ অন্তত আড়াই লাখ টাকা মূল্যের পাঁচ টন মালামাল উদ্ধার করেন। চক্রটির চুরি করা আরও এক ট্রাক মালামাল জব্দ করা হয়েছে বলে মামলায় বলা হয়েছে।
বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মে. আশ্রাব উদ্দিন বলেন, “চক্রটি এর আগেও একাধিকবার চোরাই মালামাল পাচার করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্প্রতি আরেক ট্রাক মালামাল আটক করেছিল।”
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ হুমায়ূন সিকদার বলেন, “এরকম কোনো মামলার বিষয়ে আমি অবগত নই। তবে এরকম চুরির দায়ে যদি আমাদের দলীয় নেতাকর্মীদের নামে মামলা হয়ে থাকে, তাহলে অবশ্যই দলীয়ভাবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
