১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উন্নত জীবনের আশায় অবৈধ পথে ভারত গমন, সাজা খেটে ফিরলেন ৩ তরুণী

বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা যশোরের বেনাপোল বন্দর দিয়ে দেশে ফিরেছেন বলে জানায় ইমিগ্রেশন পুলিশ।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2026, 06:58 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

উন্নত জীবনের আশায় দালালের প্রলোভনে পড়ে অবৈধভাবে ভারতে গিয়ে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে যশোরের বেনাপোল বন্দর দিয়ে দেশে ফিরেছেন তিন নারী।

বুধবার দুপুরে ভারতের হরিদাসপুর চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন ও বিএসএফ কর্তৃপক্ষ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এবং বিজিবির কাছে তাদের হস্তান্তর করেন বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান।

ফেরত আসারা হলেন- সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রিয়া খাতুন (২৫), নড়াইল জেলার পিরোলী গ্রামের আব্দুর রউফ মুন্সির মেয়ে শিল্পি খাতুন একা (২৬) এবং পাবনা জেলার গারুরি গ্রামের হাসেম সরদারের মেয়ে শিমলা খাতুন (২৬)।

ওসি সাইফুর রহমান বলেন, ওই তিন তরুণী বিউটি পার্লারে ভালো কাজের প্রলোভনে দালালদের খপ্পরে পড়ে পাসপোর্ট-ভিসা ছাড়াই অবৈধ পথে ভারতে যান। 

মুম্বাই শহরের একটি বিউটি পার্লার কাজ করার সময় রিয়া খাতুন দেশটির পুলিশের হাতে আটক হয়ে এক বছর এক মাস কারাভোগ করেন।

এ ছাড়া শিল্পী খাতুন ও শিমলা মহারাষ্ট্রের পুনে শহরে বিউটি পার্লারে কাজ করার সময় দেশটির পুলিশের হাতে আটক হন। সেখানে তারা আট মাস কারাভোগ করেন।

ওসি বলেন, পরবর্তীতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি বিনিময়ের এক পর্যায়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরেন। তাদেরকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি মানবাধিকার সংগঠনের হাতে তুলে দেওয়া হয়েছে।

সংগঠনটির যশোর জেলা এরিয়া কোঅর্ডিনেটর মুহিত চৌধুরী বলেন, ফেরত আসাদের যশোরে তাদের শেল্টার হোমে রেখে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।