১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় নারী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

যাবজ্জীবনের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বগুড়ায় নারী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
বগুড়া জেলা জজ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2025, 05:43 PM

Updated : 26 Aug 2026, 12:03 PM

বগুড়ায় নারী হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।  

মঙ্গলবার বগুড়ার জ্যেষ্ঠ দায়রা জজ শাহজাহান কবির আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল বাছেদ জানান। 

দণ্ডিত হবিবর মন্ডল সোনাতলা উপজেলার রাখালগাছি এলাকার বাসিন্দা। 

যাবজ্জীবনের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়ে রায়ে। 

মামলার নথি থেকে জানা যায়, গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুরহাট গ্রামের জয়তারা বেগমের সঙ্গে তার স্বামীর বিচ্ছেদ হয়। পরে তিনি বাবার বাড়িতে দর্জির কাজ শুরু করেন। 

এর মধ্যে হবিবর তার ঘরে দুই স্ত্রী থাকার পরেও জয়তারার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। 

২০২০ সালের ১৭ জানুয়ারি রাতে হবিবর জয়তারাকে সোনাতলা স্টেশনে ডেকে আনেন। সেখান থেকে হবিবর তাকে তার বাড়িতে নিয়ে যান। সেখান গেলে দুই স্ত্রীর সঙ্গে জয়তারার ঝগড়া হয়৷ 

এক পর্যায়ে হবিবর জয়তারাকে মাঠে ডেকে নিয়ে যান এবং সেখানেও তার সঙ্গে বাকবিতণ্ডা হয়৷ পরে হবিবর জয়তারাকে গলাটিপে হত্যা করে লাশ মাঠেই ফেলে পালিয়ে যান৷ 

ঘটনার দুইদিন পর পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত জয়তারার বড় ভাই দুলু ব্যাপারী থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার হবিবর আদালতে জবানবন্দি দেন। 

সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামি হবিবরকে দোষী সাব্যস্ত করে এ রায় দেয়।