১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাবিতে ‘নিরাপদ ক্যাম্পাস আন্দোলন’ নামে নতুন প্ল্যাটফর্ম

বিভিন্ন অনুষদ থেকে একজন করে প্রতিনিধি নিয়ে প্রাথমিক প্রতিনিধি দল গঠন করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2026, 10:09 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘নিরাপদ ক্যাম্পাস আন্দোলন’ নামে নতুন একটি প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছে। 

ক্যাম্পাসে সাম্প্রতিক ধর্ষণচেষ্টার ঘটনায় আসামিকে গ্রেপ্তার, ভুক্তভোগীর ন্যায়বিচার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ছাত্রীদের উদ্যোগে এ প্ল্যাটফর্ম গঠন করা হয়।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নতুন কলা অনুষদের সামনে থেকে শিক্ষার্থীরা এ প্ল্যাটফর্মের ঘোষণা দেন।

এতে বিভিন্ন অনুষদ থেকে একজন করে প্রতিনিধি নিয়ে প্রাথমিক প্রতিনিধি দল গঠন করা হয়েছে। 

প্রাথমিক প্রতিনিধিদের মধ্যে রয়েছেন সমাজবিজ্ঞান অনুষদ থেকে অর্থনীতি বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী আফিয়া ইবনাত সামিহা, নতুন কলা অনুষদ থেকে প্রত্নতত্ত্ব বিভাগের ৫১ ব্যাচের মুখলাতুল জিনান তৃষা, আইন ও বিচার অনুষদ থেকে জাইবা জাফরিন, ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে সুমাইয়া ইসলাম সামিয়া এবং জীববিজ্ঞান অনুষদ থেকে মীম খানম।

প্ল্যাটফর্মটির পক্ষ থেকে বলা হয়, সাম্প্রতিক ধর্ষণচেষ্টার ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা সামনে নিয়ে এসেছে। এ ঘটনার পর ন্যায়বিচার ও ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি আন্দোলনের সুযোগ তৈরি হলেও ‘ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য ও অসততার কারণে’ তা বাস্তবায়িত হয়নি।

তাদের ভাষ্য, “দলীয় ব্যানার নয়, রাজনৈতিক এজেন্ডা নয়; শুধু ভিকটিমের ন্যায়বিচার ও ক্যাম্পাসের নিরাপত্তার দাবিতে দীর্ঘমেয়াদে কাজ করব।”

প্ল্যাটফর্মটির পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা, তদন্ত কমিটির অগ্রগতি ২১ মে’র মধ্যে প্রকাশ করা এবং প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে নিয়মিত শিক্ষার্থীদের জানানো।

এ ছাড়া ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত, প্রধান নিরাপত্তা কর্মকর্তার শূন্য পদ পূরণ, নারী নিরাপত্তারক্ষীসহ পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নিয়োগ এবং নিরাপত্তা অবক্ষয়ের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবিও জানানো হয়েছে।

তাদের দাবির মধ্যে আরও রয়েছে ক্যাম্পাসের সীমানা নির্ধারণ ও প্রাচীর নির্মাণের টেন্ডার দ্রুত প্রকাশ, বহিরাগত নিয়ন্ত্রণে পাশকার্ড ব্যবস্থা চালু, কুইক রেসপন্স টিম গঠন এবং সাম্প্রতিক ঘটনার ভিকটিমসহ সব ভিকটিমকে আইনগত ও আর্থিক সহায়তা দেওয়া।

প্ল্যাটফর্মটির পক্ষ থেকে বলা হয়, “প্রতিটি দাবির দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

জাবি ছাত্রশক্তির অবস্থান কর্মসূচি

নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টায় জড়িত ব্যক্তির দ্রুত গ্রেপ্তার ও বিচার, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জুলাই হামলায় জড়িত ও মদদদাতা শিক্ষকদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তি।

বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সেক্রেটারি নাদিয়া রহমান অন্বেষা বলেন, “বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার পরও এখন পর্যন্ত অপরাধী গ্রেপ্তার না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।” 

একইসঙ্গে জুলাই হামলায় অভিযুক্ত শিক্ষকদের বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশাসনের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

মশাল মিছিল

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের টারজান চত্বর থেকে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলে বিভিন্ন হল ও বিভাগের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও ছাত্রী হল এলাকা প্রদক্ষিণ শেষে প্রক্টর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। 

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও পুরাতন রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুন:

জাবিতে ধর্ষণচেষ্টা: ৭২ ঘণ্টার মধ্যে বহিরাগতকে গ্রেপ্তারের আশ্বাসে

জাবিতে ধর্ষণচেষ্টা: প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযোগ তদন্তে ৭ জনের কমিটি

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা: আসামিকে গ্রেপ্তারসহ পাঁচ দাবি জাকসুর