২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ঈশ্বরগঞ্জ থেকে অটোরিকশায় যাত্রী নিয়ে নান্দাইলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2026, 08:17 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে উপজেলার মাইজবাগ গুরুস্তান মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম।

নিহতরা হলেন- উপজেলার রাজিবপুর ইউনিয়নের জহির উদ্দিনের ছেলে হাজির উদ্দিন (৬৫) এবং মাইজবাগ এলাকার আব্দুল আলিমের ছেলে জাহিদ হোসেন (১৮)।

আহত একজন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরগঞ্জ থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে নান্দাইলের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহিদ ও অটোরিকশার যাত্রী হাজির মারা যান। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেন।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়। এ ছাড়া আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি রবিউল আজম।