২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতা কারাগারে

ওই আওয়ামী লীগ নেতা গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান।

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতা কারাগারে
তৌফিক বিশ্বাস

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2024, 05:46 PM

Updated : 01 Sep 2026, 09:43 PM

স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।  

রোববার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌফিক বিশ্বাসকে (৫৪) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান।

তিনি বলেন, শনিবার গভীর রাতে উপজেলার পাটগাতী বাজারের সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে ডিবি পুলিশের একটি দল তৌফিককে গ্রেপ্তার করে। 

তৌফিক বিশ্বাস গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান এবং উপজেলার গিমাডাঙ্গা গ্রামের হেমায়েত বিশ্বাসের ছেলে। 

মামলার বরাতে পুলিশ জানায়, ১৩ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী স্ত্রী, পরিবারেরর সদস্য ও দলীয় নেতাকর্মীদের নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারতের জন্য উপজেলার পাটগাতী গ্রামে যাচ্ছিলেন। গাড়িবহরটি বিকালে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাতে হামলা চালায়। 

এ সময় গাড়িবহরে থাকা স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যা করে মহাসড়কের ঢালে ফেলে রাখা হয়।

এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর শওকত আলী দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য নাজমা আক্তারসহ ১১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দেড় হাজার লোককে আসামি করা হয়েছে।