২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজস্ব প্রতীকে আমরা নির্বাচন করব: মেনন

তিনি বলেন, মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য মাছ-মাংস হারাম হয়ে গেছে।

নিজস্ব প্রতীকে আমরা নির্বাচন করব: মেনন

জেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাশেদ খান মেনন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2023, 11:19 PM

Updated : 04 Mar 2023, 11:19 PM

নিজস্ব প্রতীকে জাতীয় নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তের কথা জানালেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

তিনি বলেছেন, “আগামী নির্বাচন ১৪ দলীয় জোটের ভিত্তিতে হওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাই নাকি বলছেন, আওয়ামী লীগের ডামি বা বিদ্রোহী প্রার্থীদের দিয়ে ৩০০ আসনে নির্বাচন করবে। তাই ওয়ার্কার্স পার্টি সিদ্ধান্ত নিয়েছে- হাতুড়ি প্রতীকে নির্বাচন করার।”

শনিবার বিকালে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য মাছ-মাংস হারাম হয়ে গেছে উল্লেখ করে মেনন বলেন, “৩০ টাকায় গম আমদানি করে দ্বিগুণ দামে তা বাজারে বিক্রি করছে ব্যবসায়ী সিন্ডিকেট।”

তিনি বলেন, “২ মাসে বিদ্যুতের দাম বেড়েছে ৩ গুণ। বিএনপির সময় আমরা আন্দোলন করেছিলাম ৩ হাজার কোটি টাকা লুট করে তারেক রহমান খাম্বা তৈরি করেছিল বলে। আর আজকে প্রতিবছর ২৬ হাজার কোটি টাকা আমরা ক্যাপাসিটি চার্জ দিচ্ছি। যে আদানি আজ ভারতে বিচারের সম্মুখীন, তাকে আমরা ডেকে এনে বিদ্যুৎ উৎপাদনের দায়িত্ব দিলাম।”

দেশে এখন সামরিক-বেসামরিক আমলারাই ক্ষমতার মালিক বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, “আপনার কাছে অসাম্প্রদায়িক বাংলাদেশ আশা করেছিলাম। কিন্তু আপনি হলেন কওমি জননী। পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে, পার্বতীপুরে মন্দিরে হামলা হচ্ছে, এমন অসংখ্য সাম্প্রদায়িক হামলা হচ্ছে অথচ তার বিচার হচ্ছে না।”

“বাজারে সবকিছুর অগ্নিমূল্য! আর এসব বিষয়ে সরকার বলে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অথবা কোভিড। কিন্তু বাজার দুরাবস্থার জন্য দায়ি হলো আসলে সিন্ডিকেট,” দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে বলেন মেনন।

সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মহিবুল্লাহ মোড়লের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন পার্র্টির পলিটব্যুরোর সদস্য মুস্তফা লুৎফুল্লাহ এমপি, লুৎফুন্নেসা খান বিউটি এমপি, যুবমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি তৌহিদুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফাহিমুল হক কিসলু।