২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছুটি না পেয়ে’ অসুস্থ শ্রমিকের মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

শ্রমিকদের অভিযোগ, অসুস্থ ওই নারী কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েও পাননি।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2025, 02:30 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানার এক নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সহকর্মীরা।

অভিযোগ উঠেছে, অসুস্থ অবস্থায় ওই শ্রমিক ছুটি না পেয়ে বাধ্য হয়ে কাজে যোগ দেন এবং পরে মারা যান।

সোমবার সকাল ১০টা থেকে প্রায় তিন ঘণ্টা বন্দর উপজেলার মদনপুর এলাকায় ‘লারিজ ফ্যাশন লিমিটেড’ কারখানার সামনে মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

এতে ওই সড়কের কয়েক কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা দেয়।

রিনা নামের ৩০ বছর বয়সী ওই নারী শ্রমিক কারখানাটির সুইং সেকশনের অপারেটর ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার বাসিন্দা দুলালের মেয়ে। 

বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, “লারিজ ফ্যাশন লিমিটেড কারখানার ওই নারী শ্রমিকের মৃত্যুর জন্য কারখানা কর্তৃপক্ষ দায়ী অভিযোগ তুলে জড়িত কর্মকর্তাদের চাকরিচ্যুত করার দাবি তোলেন শ্রমিকরা। 

“এর পরিপ্রেক্ষিতে তারা সকালে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা কারখানার সমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে রাখে।”

তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে তাদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানাই। পরে বেলা সাড়ে ১২টার দিকে শ্রমিকরা কিছুটা শান্ত হন এবং রাস্তা ছেড়ে দেন। এরপর যানজট চলাচল স্বাভাবিক হতে শুরু করে।”

বিক্ষুব্ধ শ্রমিক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সুইং সেকশনের অপারেটর রিনা অসুস্থ হয়ে পড়লে তাকে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিঃসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

শ্রমিকদের অভিযোগ, অসুস্থ ওই নারী কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েও পাননি। বাধ্য হয়ে কারখানায় কাজ করতে থাকা ওই নারীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে লারিজ ফ্যাশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শিমুল বলেন, “অসুস্থতার কথা জানানোর পরই তাকে হাসপাতালে নেওয়া হয়।

“এ নারী শ্রমিকের পরিবারের সঙ্গে কথা বলে তার দাফন-কাফনের সব দায়িত্বও কারখানার পক্ষ থেকে নেওয়া হয়েছে।”

বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, শিল্প পুলিশ সদস্যরা শ্রমিক ও মালিকপক্ষকে নিয়ে আলোচনায় বসেছেন। এ বিষয়ে আইনগত সমাধান দেওয়া হবে।