২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির সেই ছাত্রদল নেতা মাদকসহ আটক

ওসি বলেন, বর্তমানে তাকে মতিহার থানায় হেফাজতে রাখা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2026, 11:31 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

শিক্ষার্থীকে ছুরিকাঘাত ও ‘চাঁদাবাজির’ সংবাদ করায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলার আবেদন করা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিবকে মাদকসহ আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার দুপুরে চৌদ্দপাই মিজানের মোড় এলাকা থেকে তাকে আটক করার তথ্য দেন মতিহার থানার ওসি মোহাম্মদ গোলাম কবির। 

তিনি বলেন, “দুপুরে এসআই রিপন কুমার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘ট্যাপেন্টাডল’ নামক একটি মাদকসহ তাকে আটক করেন। বর্তমানে তাকে মতিহার থানা হেফাজতে রাখা হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “আমরা বিষয়টি জানতে পেরেছি। দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে তদন্ত হবে। সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনও তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবে।”

এর আগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক সদস্যের সঙ্গে চাঁদাবাজির ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় ২০২৪ সালের ১৯ অক্টোবর হাসিবুর ইসলাম হাসিবকে অব্যাহতি দিয়েছিল ছাত্রদল; পরে যা তুলে নেওয়া হয়। এরপর ২০২৫ সালের ২৫ জুন তার বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ তুলেছিলেন এক শিক্ষার্থী।

এ ছাড়া ক্যাম্পাসে নারী শিক্ষার্থীসহ কয়েকজনকে আটকে চাঁদা দাবির অভিযোগও ছিল তার বিরুদ্ধে। যদিও পরে এসব ঘটনায় সত্যতা পাওয়া যায়নি বলে ২০২৫ সালেই হাসিবসহ বহিষ্কার হওয়া তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ছাত্রদল।

পরে চলতি বছর ২২ এপ্রিল বহিরাগতদের নিয়ে আবু হাসান নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে।

এসব সংবাদ প্রকাশের জেরে গত ১১ জুলাই মতিহার থানায় মামলা করতে লিখিত আবেদন করেন হাসিবুর রহমান হাসিব। মামলায় তিনি দাবি করেন, তাকে হেয়প্রতিপন্ন ও রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে।

মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক, দ্য ডেইলি ক্যাম্পাস এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, সকালের বুলেটিন এর সম্পাদক, দ্য ডেইলি ক্যাম্পাস এর সম্পাদক, এনটিভি অনলাইন এর সম্পাদক এবং ছুরিকাঘাতের ঘটনায় অভিযোগকারী শিক্ষার্থী হাসানকে আসামি করতে চেয়েছিলেন। তবে থানা পুলিশ সেটি এজাহার হিসেবে এখনও নেয়নি।  

এদিকে মাদকসহ আটকের ঘটনায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “আমরা এখনও বিস্তারিত জানি না। সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে বিস্তারিত জেনে সে যদি সত্যি মাদকসেবন ও মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকে, তাহলে সেই অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”