ধর্ম ‘অবমাননা’: আসামির হাতে ফিলিস্তিনের পতাকা, ৫ পুলিশ প্রত্যাহার
সংস্কৃতিকর্মী শামীম আশরাফকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশি দিয়েছে আদালত।
ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার সংস্কৃতিকর্মী শামীম আশরাফের হাতে ফিলিস্তিনের পতাকা থাকা নিয়ে সমালোচনার মধ্যে পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “অভ্যন্তরীণ কারণে এবং দায়িত্ব অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তারা কোতোয়ালি মডেল থানায় কর্মরত ছিলেন।”
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যদের মধ্যে এসআই আল আমিন এবং চার কনস্টেবল রয়েছেন। কনস্টেবলদের নাম তাৎক্ষণিক জানা যায়নি।
ধর্ম অবমাননার অভিযোগে কবি ও সংস্কৃতিকর্মী শামীম আশরাফকে মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ বলছে, সোমবার সকাল ১১টার দিকে ‘শামীম আশরাফ’ নামের একটি ফেইসবুক পেইজ থেকে লেখা হয়, “আমার স্ট্যাটাসের ভাষাগত বৈচিত্র্য ইচ্ছে করেই আনছি। আর দুয়েকদিন গালিময় স্ট্যাটাস দেখা যাবে। মাত্র দুয়েকদিন ধৈর্য ধরুন, প্লিজ। এরপর ভালো হয়ে যামু।”
এর দুই ঘণ্টা পর একই পেইজ থেকে আরেকটি পোস্ট আসে। সেই পোস্টে একজনের মন্তব্যের প্রতিক্রিয়ায় ‘শামীম আশরাফ’ ধর্ম অবমাননা করেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ ওঠে।
এ নিয়ে আলোচনা-সমালোচনা বাড়তে থাকার মধ্যে শামীম আশরাফ গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন খেলাফত মজলিসের ময়মনসিংহ মহানগর শাখার সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত।
এ মামলায় রিমান্ডে নিতে বৃহস্পতিবার আদালতে তোলা হয় শামীম আশরাফকে। আদালত তাকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেয়।
এর আগে কোতোয়ালি মডেল থানা হাজত থেকে আদালতে নেওয়ার পথে তার হাতে ফিলিস্তিনের পতাকা পাওয়া যায়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হলে ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়।
