২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খেলার সঙ্গীর হাতে’ খুন: আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল শিশুর লাশ

“ফাহিমের খেলার এক সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করে। পরে গ্রামবাসিরা ওই ছেলেসহ চার কিশোরকে আটক করে।”

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2024, 09:50 PM

Updated : 10 Sep 2026, 12:15 PM

হত্যা মামলার পর খাগড়াছড়ির রামগড় উপজেলার ওয়াইফাপাড়া কবরস্থান থেকে ১৪ দিন পর শিশু ফাহিম হোসেন মজুমদারের লাশ তোলা হয়েছে।

বুধবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমানের উপস্থিতিতে রামগড় থানার এসআই আজিম হোসেন খান লাশটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্যে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠান।

নিহত ১২ বছর বয়সী ফাহিম হোসেন মজুমদার রামগড় উপজেলার ওয়াইফাপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে এবং নতুন বাজার মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।

ফাহিম হত্যাকাণ্ডের ঘটনায় একই গ্রামের চার কিশোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ১২ অগাস্ট তার বাবা বাদী হয়ে রামগড় থানায় মামলা করেন।

রামগড় থানার এসআই আজিম বলেন, “মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে আদালতের আদেশে লাশ তোলা হয়েছে।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান জানান, মামলার বাদী বাবার উপস্থিতিতে শিশুটির লাশ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ আবারও দাফন করা হবে।

আটক এক কিশোর জানিয়েছে, তাকে অসম্মান ও গালি দেওয়ায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী ৬ অগাস্ট সকালে আরেক কিশোরকে সঙ্গে নিয়ে ফাহিমকে কৌশলে বাড়ির নিচে নির্জন একটি পুকুরে নিয়ে যায় সে। পরে তারা তিনজনই গোসল করতে পুকুরে নামে। এ সময় সে ফাহিমকে পানির মধ্যে চেপে ধরে রাখে তারা। এক পর্যায়ে ফাহিম জ্ঞান হারিয়ে ফেললে তারা দুজন তাকে টেনে পুকুর পাড়ে ওঠায়। পরে লাশ গুম করার উদ্দেশ্যে ফাহিমের লাশ টেনে-হেঁচড়ে পাশের উঁচু টিলার গভীর জঙ্গলে নিয়ে যায়।

ওই কিশোর বলে, “ফাহিমের মৃত্যু নিশ্চিত করার জন্য আমার সঙ্গে থাকা আরেকজন ফাহিমের গলা শক্ত লতা দিয়ে পেঁচিয়ে রাখে। কিছুক্ষণ লাশ আবার ওই পুকুরের পাড়ে নিয়ে যাই।

“হত্যার খবর জানিয়ে লাশ পুঁতে ফেলার জন্য আরেক বন্ধুকে মোবাইল ফোনে কোদাল নিয়ে আসতে বলা হয়। কিন্তু সে না আসায় পুকুর পাড়ে লাশ রেখে বাড়ি চলে যাই আমরা। যাওয়ার সময় ফাহিমের পরনের পোশাক আগুনে পুড়ে তার পায়ের জুতাসহ পুকুরের পাশের টিলার ঢালে গর্ত করে পুঁতে রাখি।” 

নিহত শিশুর বাবা সাইফুল ইসলাম বলেন, ৬ আগস্ট দুপুরে ফাহিম বাড়ি না আসায় আমরা সবাই মিলে তাকে খোঁজাখুজি শুরু করি। তার সন্ধানে মাইকিংও করা হয়। এক পর্যায়ে মঙ্গলবার রাত ৯টার দিকে জঙ্গলঘেরা পুকুর পাড়ে তার মরদেহ পাওয়া যায়। পরদিন সকালে লাশ দাফনও করা হয়। পরে ওই পুকুর পাড়ে ফাহিমের জুতা ও গায়ের গেঞ্জি খুঁজতে গেলে মাটিতে পুঁতে রাখা অবস্থায় আগুনে পোড়া গেঞ্জি ও জুতা পাওয়া যায়।  

“এতে ফাহিমের মৃত্যু নিয়ে আমাদের সন্দেহ হয়। পরে গ্রামের লোকজনসহ আমরা ফাহিমের খেলার এক সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করে। পরে গ্রামবাসিরা ওই ছেলেসহ চার কিশোরকে আটক করে।”

আদালতের নির্দেশে ছেলের লাশ কবর থেকে তোলা হয়েছে বলে জানান তিনি।