২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদযাত্রায় জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন থাকবে: প্রতিমন্ত্রী

শ্রীকাইলের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন আট মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2026, 07:00 PM

Updated : 26 Aug 2026, 03:09 PM

রোজার ঈদযাত্রায় পরিবহনগুলোকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করার কথা বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেছেন, “মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য আমরা জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখব। আগামী ১৫ তারিখ থেকে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হবে না। আমরা তাদেরকে এ নিশ্চয়তা দিয়েছি।” 

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে জ্বালানি সংকট নিয়ে নানা আলোচনার মধ্যে প্রতিমন্ত্রী শনিবার দুপুরে কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সংযোগের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, “আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, ঈদযাত্রায় তাদের কষ্ট মানে, আমাদের কষ্ট। তাদের কষ্ট লাঘব করার দায় রয়েছে নির্বাচিত সরকারের। আগামীকাল দিনের শুরুতেই আমরা দেশবাসীকে আমাদের পরিকল্পনার কথা জানাতে পারব।”

নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন আট মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে বলেও জানান প্রতিমন্ত্রী।  

অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক, পেট্রোবাংলার পরিচালক (অপারেশন্স) রফিকুল ইসলাম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হক, প্রকল্প পরিচালক মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।