কোটা: কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রক্টরের পদত্যাগ দাবি
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শুক্রবারের এই বিক্ষোভ সমাবেশ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রক্টরের পদত্যাগ দাবি জানানো হয়।
শিক্ষার্থীরা বলেন, বৃহস্পতিবার পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় শিক্ষার্থীরা আহত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা ছিল নিরব। এ কারণেই তারা প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন।
বিকাল সাড়ে ৪টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে উপাচার্যের বাসভবনের সামনে পর্যন্ত যায় আন্দোলনকারীরা। পরে সেখান থেকে ফিরে বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় গিয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও তারা প্রতিবাদ ও নিন্দা জানান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্প মোড়টিকে ‘ছাত্র আন্দোলন চত্বর’ হিসেবে নামকরণ করেন তারা।
বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে বের হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে মহাসড়কে যাওয়ার পথে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েকটি ফাঁকা গুলি ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। জবাবে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন শিক্ষার্থীরা। এ ঘটনায় পুলিশ, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
পরবর্তীতে পুলিশের বাধা উপেক্ষা করেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকা অবরোধ করেন শিক্ষার্থীরা। রাত সাড়ে ১০টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে আন্দোলনে অংশগ্রহণ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী।
এর আগে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে কোটা সংস্কার দাবি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শতাধিক শিক্ষার্থী।
