২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

সদর উপজেলার সুরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2024, 02:15 PM

Updated : 26 Aug 2026, 10:28 AM

ঝিনাইদহ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। 

সোমবার সকালে উপজেলার সুরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান। 

নিহতরা হলেন- গ্রামের খোরশেদ আলির ছেলে আঙ্গার আলি (৬০), আঙ্গার আলির ছোট ভাই মোকাদ্দেস হোসেনের স্ত্রী হাসিনা খাতুন এবং ভাতিজা জুলহাস হোসেনের স্ত্রী রেশমা খাতুন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জেলা পরিদর্শক তানভীর হাসান সাংবাদিকদের বলেন, কৃষক আঙ্গার আলি রোববার রাতে বাড়ির পেছনের বাগানে যান। সেখানে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে তিনি মারা যান। 

রাতে বাড়িতে না ফেরায় আঙ্গার আলির পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে। সকালে হাসিনা খাতুন ও রেশমা খাতুন আঙ্গার আলিকে বাগানে পড়ে থাকতে দেখেন। তখন তারা তাকে ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। 

দুজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়।

সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, “ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে বাড়ির পিছনের বাগানের একটি পেঁপে গাছ ভেঙে পড়ে। সেই গাছ সরাতে বাগানের ভেতর গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান আঙ্গার আলি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।”