২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গাইবান্ধায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ জামায়াতের বিরুদ্ধে

বরিশাল ইউনিয়ন জামায়াতের আমির বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার জেরে একটি মহল মিথ্যা অভিযোগ করছে।”

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2026, 02:15 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে।  

রোববার রাত ৯টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম জানান।

গুরুতর আহত উপজেলা যুবদলের সদস্য ও বরিশাল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক কাকন মণ্ডলকে (৩৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই ইউনিয়নের দূর্বলাগাড়ী গ্রামের মিরু মণ্ডলের ছেলে। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রাতে কাকন জুনদহ বাজারে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত চলে যায়। 

এতে তার ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় ও দুই পা ভেঙে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পলাশবাড়ী উপজেলা যুবদলের সভাপতি রাজু আহম্মেদ অভিযোগ করেন, “জামায়াত-শিবিরের নেতাকর্মীরা কাকনের উপর হামলা চালিয়েছে।” 

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বরিশাল ইউনিয়ন জামায়াতের আমির শামীম প্রধান। তিনি বলেন, “এ ঘটনার সঙ্গে জামায়াত বা ইসলামী শিবিরের কোনও নেতাকর্মীর সম্পৃক্ততা নেই। রাজনৈতিক প্রতিহিংসার জেরে একটি মহল মিথ্যা অভিযোগ করছে।”

পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও আটক  করতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।