২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গৃহবধূকে হত্যা করে স্লিপারে বেঁধে রেখে ট্রেনে কাটা বলে চালানো হয়’

২২ সেপ্টেম্বর দিনাজপুরের শ্রীকৃষ্ণপুর গ্রামের রেল লাইনের পাশ থেকে ময়না বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2025, 07:55 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

দিনাজপুরের বিরল উপজেলায় গৃহবধূ ময়না বেগম ট্রেনে কাটা পড়ে মারা যাননি; বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পিবিআই। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দুপুরে পিবিআই দিনাজপুর কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি মাহফুজ্জামান আশরাফ সংবাদ সম্মেলনে এই দাবি করেন।

২২ সেপ্টেম্বর সকালে উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামের রেল লাইনের পাশ থেকে ময়না বেগমের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী।

এ ঘটনায় জাহিদুল, তার ভায়রা আব্দুস সালাম এবং চাচাত ভাই রুবেলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

পিবিআই জানায়, ময়না বেগমের মরদেহ উদ্ধারের পর জিআরপি থানা পুলিশের পাশাপশি পিবিআই দিনাজপুর ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে। সেখানে ময়নার গলায় দড়ি পেঁচিয়ে রেল লাইনের স্লিপারের সঙ্গে বাঁধা ছিল। বিভিন্ন দিক পর্যালোচনা করে পিবিআইয়ের কাছে এটি পরিকল্পিত হত্যা বলে মনে হলে ছায়া তদন্ত শুরু হয়।

এ ঘটনায় প্রথমে রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়। পরে ময়না বেগমের বাবা লাল মিয়া ২ নভেম্বর জাহিদুলসহ তিনজনের নামে হত্যা মামলা করেন। পিবিআই আসামিদের গ্রেপ্তার করে রিমান্ডে নেয়। তারা জিজ্ঞাসাবাদে হত্যার কথা জানায়।  

অতিরিক্ত ডিআইজি মাহফুজ্জামান আশরাফ বলেন, “আসামিরা স্বীকার করেন, ময়নার সঙ্গে তার স্বামী জাহিদুল ইসলামের টাকা-পয়সা নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ হত। ঘটনার দিন রাতে ময়না বাজার থেকে বাড়ি ফেরার পথে তিনজন মিলে রেললাইনের ধারে নিয়ে তাকে হত্যা করে এবং গলায় লাইনলের দড়ি পেঁচিয়ে স্লিপারে সঙ্গে বেঁধে রাখে।

“সেখানে তার একটি হাত কাটা অবস্থায় ছিল। তবে কাটা হাতটি পাওয়া যায়নি। এটি ছিল হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা।”