Published : 28 Feb 2026, 10:26 PM
পটুয়াখালী শহরের মরা মুরগি বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে সাত মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে শহরের পুরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুর ইসলাম।
কারাগারে যাওয়া সোহাগ হাওলাদার (২৮) বাজারের ‘আল আমিন মুরগি আড়ত’ এর স্বত্বাধিকারী।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে ওই আড়ত থেকে ৩৭টি মরাসহ প্রায় ১৫০টি মুরগি জবাই করে পৌর নিউ মার্কেটে পাঠানো হয়। সেখানে মরা মুরগি শনাক্ত হলে সেগুলো ফেরত পাঠানো হয়। বিষয়টি জানাজানি হলে ৩৭টি মুরগি নদীতে ফেলে দেওয়া হয়।
আমিনুর ইসলাম সাংবাদিকদের বলেন, মরা মুরগি বিক্রির অভিযোগে বাজারে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। ফার্ম থেকে জবাই করে মুরগিগুলো আনা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ব্যবসায়ীকে সাত মাস বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে পটুয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ্ সোয়েবসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।