আন্দোলনে গুলিবিদ্ধের দেড় মাস পর নয়নের মৃত্যু, দাফন শ্বশুরবাড়িতে
নয়ন যুবদলের সদস্য ছিলেন বলে দাবি আদিতমারী উপজেলা যুবদলের সদস্যসচিবের।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গত ৪ অগাস্ট গুলিবিদ্ধের প্রায় দেড় মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নয়ন মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা গ্রামে শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থানে তার দাফন হয় বলে জানান নয়নের চাচাশ্বশুর ও ইউপি সদস্য আমিনুল হক।
জানাজায় আদিতমারী উপজেলার ইউএনও নুর-ই-আলম সিদ্দিকী, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল শামীম কামালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ সংখ্যক মানুষ অংশ নেন।
২৬ বছর বয়সি নয়ন মিয়া ওই গ্রামের লোকমান হোসেনের ছেলে।
নয়ন যুবদলের সদস্য ছিলেন বলে দাবি করেন উপজেলা যুবদলের সদস্যসচিব একেএম হাসানুল হক বান্না।
তিনি বলেন, নয়ন আদিতমারী উপজেলা যুবদলের দূর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ৪০ নম্বর সদস্য ছিলেন।
হাসানুল হক বান্না বলেন, শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকার নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে নয়নের দু’দফা জানাজা অনুষ্ঠিত হয়।
নয়নের চাচাশ্বশুর, ইউপি সদস্য আমিনুল হক বলেন, নয়ন এক সময় তাদের গরুর খামারে কাজ করতেন। প্রায় চার বছর আগে তার ভাই এরশাদুল হকের মেয়ে রিপা আক্তারের সঙ্গে বিয়ে হয় নয়নের।
আমিনুল হক আরও বলেন, বাবা-মাসহ পরিবারের লোকজন বছর দেড়েক আগে খ্রিস্টান ধর্ম গ্রহণ করায় স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে চলে আসেন নয়ন। সেখানে স্ত্রী ও তিন বছর বয়সি মেয়েকে রেখে কাজের জন্য ঢাকায় চলে যান নয়ন।
অন্য ধর্ম গ্রহণ করায় বাবা-মায়ের সঙ্গে নয়নের যোগাযোগ ছিল না দাবি করে নিহতের শ্বশুর এরশাদুল হক বলেন, নয়ন গ্রামে কখনো কৃষি শ্রমিকের কাজ করেছেন, কখনওবা করেছেন বাসচালকের সহকারীর কাজ। আবার রিকশাও চালিয়েছেন তিনি।
সবশেষ তিনি ঢাকার কাঁঠালবাগান এলাকার একটি মোটরসাইকেলের গ্যারেজকর্মী হিসেবে ছিলেন।
এ অবস্থায় গত ৪ অগাস্ট ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হন তিনি।
এরপর ওইদিনই তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
শ্বশুর আরও জানান, প্রায় দেড় মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার রাতে ওই হাসপাতালেই মারা যান নয়ন মিয়া।
