২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ‘মাদক কারবারিদের’ মারামারিতে নিহত ১

অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা, মাদক সেবনের সরঞ্জামাদি ও নগদ ২৯ হাজার ৮৯৬ টাকা উদ্ধার করা হয়।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2024, 04:42 PM

Updated : 26 Aug 2026, 11:00 AM

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ‘মাদক কারবারিদের’ মধ্যে মারামারিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। 

বুধবার রাত ১০টার দিকে উপজেলার সাকোরপুলে এ মারামারির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে সেনা সদস্যরা আহত অবস্থায় একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোশারফ হোসেন মহেশপুর উপজেলার বাগানমাঠ গ্রামের ইউনুস আলীর ছেলে। 

ঝিনাইদহ সেনা ক্যাম্পের এক কর্মকর্তা জানান, বুধবার রাত ১০টার দিকে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মহেশপুর উপজেলার সাকোরপুল এলাকায় একদল লোক মারামারিতে জড়িয়েছেন। 

দ্রুত সেনা ক্যাম্প থেকে একটি বিশেষ দল সেখানে যায়। কিন্তু তাদের উপস্থিতি টের পেয়ে বিবাদমান দুপক্ষের লোকজনই পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় একজনকে উদ্ধার করে সেনা সদস্যরা। 

তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে রাতেই অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা, মাদক সেবনের সরঞ্জামাদি ও নগদ ২৯ হাজার ৮৯৬ টাকা উদ্ধার করা হয়। 

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।