চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত পার হয়ে ভারতে গিয়ে ‘নিখোঁজ’ বাংলাদেশি
“অন্যরা ফিরে আসলেও লালচান ফিরে আসেনি। সকাল থেকে এলাকায় তার মৃত্যুর খবরও ছড়িয়ে পড়েছে।”
চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার পর এক বাংলাদেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মো. লালচান নামের ওই ব্যক্তি শনিবার রাতে জেলার সদর উপজেলার নারায়ণপুর সীমান্ত দিয়ে ভারতে যান।
এরপর আর ফিরে আসেননি বলে জানান ৫৩-বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ।
লালচান (২৩) সদরের নারায়ণপুর ইউনিয়নের শিবগঞ্জের সাতরশিয়া ওয়াহেদপুর গ্রামের মো.শাহজাহানের ছেলে।
স্থানীয়দের বরাতে নারায়ণপুর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন বলেন, “লালচান শনিবার রাতে কয়েকজন সহযোগীর সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান।
“অন্যরা ফিরে আসলেও লালচান ফিরে আসেনি। সকাল থেকে এলাকায় তার মৃত্যুর খবরও ছড়িয়ে পড়েছে।”
লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ বলেন, “গোয়েন্দা তথ্যে জানা গেছে, রোববার ভোর ৪টার দিকে চার-পাঁচজন চোরাকারবারি চোরাচালানের উদ্দেশ্যে জোহরপুর সীমান্তের সীমান্ত পিলার ১৬/৫ এর কাছ দিয়ে ভারত সীমান্ত অতিক্রম করে।
“তখন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের চ্যালেঞ্জ করে। এ সময় অন্যরা পালিয়ে আসলেও একজন ফিরে আসেনি।”
এ ঘটনায় বিএসএফের নূরপুর সীমান্ত ফাঁড়ির সঙ্গে যোগাযোগের চেষ্ট চলছে জানিয়ে বিজিবির এ কর্মকর্তা বলেন, “ওই সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। শনিবার আবহাওয়া ছিল দুর্যোগপূর্ণ।
“লালচানের পরিবারের পক্ষ থেকেও কোন অভিযোগ পাওয়া যায়নি।”
