২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী পৌর ভবনে আগুন: ৪০ দিন পর মামলা, আসামি পাঁচ হাজার

এর আগে ফেনী মডেল থানায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায়ও মামলা হয়েছিল।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2024, 11:50 PM

Updated : 26 Aug 2026, 10:29 AM

ফেনীতে গত ৫ অগাস্ট সরকার পতনের দিন পৌরভবনে আগুনের ঘটনার ৪০ দিন পর মামলা হয়েছে। 

পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা এসএম শাখাওয়াত উল্যাহ চৌধুরী বাদী হয়ে শনিবার রাতে ফেনী মডেল থানায় মামলাটি করেন বলে ওসি মুহাম্মদ রুহুল আমিন জানান।

মামলায় অজ্ঞাতনামা পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে। 

মামলার নথির বরাতে পুলিশ জানায়, গত ৫ অগাস্ট সরকার ঘোষিত সাধারণ ছুটি ছিল। ওইদিন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এর পরপরই বিকাল সাড়ে ৩টার দিকে অজ্ঞাতনামা চার থেকে পাঁচ হাজার ব্যক্তি লাঠিসোঁটা, কুড়াল, করাত, লোহার রড, দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ফেনী পৌরসভার গেইট ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর তারা পৌর কার্যালয় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেন। 

এ সময় পৌরসভা ভবনের সামনে থাকা লাশবাহী ফ্রিজিং, রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ পৌরসভার বেশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। দুষ্কৃতকারীরা পৌরসভার কার্যালয়ের ভেতরে গুরুত্বপূর্ণ নথি, আসবাব, বৈদ্যুতিক পাখা, ইলেকট্রনিক জিনিসপত্র, ফ্রিজ, এসি, আলমারি, কেবিনেট, ফগার মেশিন পুড়িয়ে দেয়। 

এ ঘটনায় ৫ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৫০ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে বলা হয়।

ওসি রুহুল আমিন বলেন, পুলিশ তদন্ত করে আসামিদের শনাক্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের দিন ফেনী পৌরসভা ভবন, ফেনী মডেল থানা, ছাগলনাইয়া থানাসহ বেশ কিছু স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। 

এর আগে ফেনী মডেল থানায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় আরেকটি মামলা হয়েছিল।