ময়মনসিংহে বৈষম্যবিরোধী ৫ নেতার ছাত্রদলে যোগদান
“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ শাখার কমিটি হওয়ার পরেই তারা পদত্যাগ করেছেন। এটি নতুন কিছু নয়।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটির পাঁচ নেতা ছাত্রদলে যোগ দিয়েছেন।
শনিবার রাতে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডের বিএনপির কার্যালয়ে মহানগর ছাত্রদলের এক সভায় তাদেরকে বরণ করে নেওয়া হয়।
মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় রোববার বিকালে বলেন, তারা এখন থেকে ছাত্রদলকে সংগঠিত করতে কাজ করবেন।
ছাত্রদলে যোগ দেওয়া নেতারা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সংগঠক কাউসার হাসান, মহানগর কমিটির সহমুখপাত্র রিশাদুল আলম, সদস্য ফারদিন আলম, নামি আহমেদ ও বাঁধন রহমান।
যোগদান প্রসঙ্গে রিশাদুল আলম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে জুলাই অভ্যুত্থানসহ সব গণতান্ত্রিক আন্দোলনে জাতীয়তাবাদী শক্তির আদর্শে অনুপ্রাণিত হয়ে লড়াই করেছি। আমরা ভবিষ্যতেও মেধাভিত্তিক, তারুণ্যনির্ভর একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সক্রিয়ভাবে কাজ করে যাব।”
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের সহসভাপতি শাকির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিসালাত ইসলাম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আল মো. রাফসান সামি।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার সদস্যসচিব আল নুর মোহাম্মদ আয়াস বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ শাখার কমিটি হওয়ার পরেই তারা পদত্যাগ করেছেন। এটি নতুন কিছু নয়। সবারই ব্যক্তি স্বাধীনতা রয়েছে। তবে আমরা প্রত্যেকেই যেন প্রত্যেকের জায়গা থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি।”
