Published : 06 Jul 2026, 07:56 PM
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নিখোঁজের ১৯ দিন পর এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাশটি পাওয়া যায় নিজ বাড়ির আঙিনার প্রায় ১০ ফুট মাটির নিচ থেকে। এ ঘটনায় নিহতের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের উপস্থিতিতে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম বিপুল সিকদারের নেতৃত্বে মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ১৭ জুন উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের করিমপুর চা-বাগান এলাকায় আলমগীরের স্ত্রী জায়েদা বেগম (৩৮) নিখোঁজ হন।
এ ঘটনায় শুক্রবার আলমগীর রাজনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে বলেন, তার স্ত্রী কাউকে না জানিয়ে সৌদি আরব চলে গেছেন।
তদন্তে পুলিশ তার কথার সত্যতা পায়নি। পরে সন্দেহ হলে আলমগীরকে জিজ্ঞাসাবাদ করা হয়।
একপর্যায়ে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়। পরে তার দেখানো জায়গা থেকে বাড়ির আঙিনায় মাটির নিচে পোঁতা অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, হত্যার পর লাশটি বালুভর্তি বস্তা দিয়ে ঢেকে তার ওপর ঢালাই করা হয়েছিল।
মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে আলমগীর হত্যার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী লাশ উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুল হান্নান রাজনগর থানায় একটি হত্যা মামলা করেছেন।
তিনি অভিযোগ করেন, তার মেয়ের একটি ছয় বছরের সন্তান রয়েছে। পারিবারিক কলহের পাশাপাশি স্বামীর পরকীয়ার বিষয়টি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।
এর জেরেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে তিনি দাবি করেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।