১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাপার সাবেক এমপি টিপু ভোট ডাকাতির মামলায় কারাগারে

একাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হয়েছিলেন গোলাম কিবরিয়া টিপু।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2024, 07:46 PM

Updated : 26 Aug 2026, 11:04 AM

বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে ভোট ডাকাতির মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

রোববার জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্য বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক তানভীর রহমান জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠিয়েছেন বলে আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এএসআই খাদিজা বেগম জানান। 

এদিকে আত্মসমর্পণের খবর পেয়ে বরিশাল-৩ আসনের মুলাদী ও বাবুগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা টিপুর ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছেন। 

২১ নভেম্বর বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আনোয়ার হোসেন হেমায়েত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ এনে টিপুসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। 

জিআরও খাদিজা বেগম জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ১০ ডিসেম্বর জামিন ও রিমান্ড আবেদনের শুনানির জন্য দিন রাখা হয়েছে। 

একাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হয়েছিলেন গোলাম কিবরিয়া টিপু। তিনি জয়ী হয়েছিলেন। 

মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ইউনিয়নের ঠাকুর মল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালে সকাল ১০টার দিকে আসামিরা রামদা, লাঠিসোঁটা নিয়ে কেন্দ্রে প্রবেশ করে হামলা চালায়। এ সময় বিএনপি দলীয় প্রার্থীর এজেন্টদের মারধর করে। পরে ভোটকেন্দ্রে বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

এ ছাড়া মামলার বাদী আনোয়ার হোসেনের মোটরসাইকেল ভাঙচুর করে তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে ভোটকেন্দ্র দখল করে বলে মামলায় অভিযোগ করা হয়। 

মামলার অন্য আসামিরা হলেন-  একই আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলার সাধারণ সম্পাদক শেখ টিপু সুলতান, বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী এমদাদুল হক দুলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন, উপজেলার সাবেক চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিলন, মাধবপাশা ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, রিয়াজ সরদার, মাধবপাশা ইউনিয়ন তাঁতী দলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি মো. সোহেল সরদার।