২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে হত্যা মামলার আসামির ‘আত্মহত্যা’, কারারক্ষী বরখাস্ত

এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া কারাগারের প্রধান কারারক্ষী ও সহকারী কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2024, 05:33 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দি হত্যা মামলার এক আসামি ফাঁসিতে ঝুলে ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

এ ঘটনায় এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া প্রধান কারারক্ষী ও সহকারী কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে কারাগারে সেলের গ্রিলের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তাকে উদ্ধার করা হয় বলে জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার মো. ইকরামুল হক নাহিদ।

মৃত মো. জুয়েল (৩৪) আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের আবু চান মিয়ার ছেলে। ২০২০ সালে স্ত্রী হত্যার অভিযোগে আটকের পর থেকে কারাগারে বন্দি ছিলেন তিনি।

জেল সুপার ও জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ইকরামুল হক নাহিদ জানান, স্ত্রী হত্যার দায়ে জুয়েলের বিরুদ্ধে মামলা বিচারাধীন ছিল। এ ছাড়া তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। তাকে কারাগারের সেলে রাখা হয়েছিল।

বৃহস্পতিবার রাতে জুয়েল সেলের গ্রিলে গামছা প্যাঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কারারক্ষীরা দেখে তাকে কারা হাসপাতালে নিলে প্রাথমিকভাবে মৃত ঘোষণা করা হয়। পরে জেলা সদর হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষার পর চূড়ান্তভাবে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি বলেন, এ ঘটনায় কারারক্ষী রিপন বড়ুয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া প্রধান কারারক্ষী আব্দুর রশিদ ও সহকারী কারারক্ষী উত্তম কান্তি বড়ুয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। 

ময়নাতদন্ত শেষে জুয়েলের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান জেল সুপার।