শেরপুরে ইজিবাইকের সঙ্গে ধাক্কা, বাইক আরোহী ২ বন্ধুর মৃত্যু
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে ধাক্কা খেয়ে তারা আহত হন বলে জানায় পুলিশ।
শেরপুরের শ্রীবরদী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর প্রাণ গেছে; আহত হয়েছেন তাদের আরেক বন্ধু।
শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার ভারেরা তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী।
নিহতরা হলেন- উপজেলার কুড়িকাহনীয়া পূর্বপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে ফয়সাল ওরফে বাবু (২০) এবং কুড়িকাহনীয়া বাজারের মুকুল মিয়ার ছেলে রিফাত আহম্মেদ হৃদয় (২০)।
আহত কুড়িকাহনীয়া মিয়াপাড়া গ্রামের মাসুদ পারভেজের ছেলে তৌহিদকে (১৯) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি কাইয়ুম খান বলেন, দুপুরে কুড়িকাহনীয় গ্রাম থেকে রিফাত, ফয়সাল ও তৌহিদ মোটরসাইকেলে করে বকশিগঞ্জের একটি মসজিদে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে ধাক্কা খেয়ে তারা আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রিফাত ও ফয়সালকে মৃত ঘোষণা করেন; আশঙ্কাজনক অবস্থায় তৌহিদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি কাইয়ুম খান।
