জাতীয় পার্টির সাবেক এমপি টিপু তিন দিনের রিমান্ডে
একাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ভোট ডাকাতির মামলা করেন বিএনপির এক নেতা।
ভোট ডাকাতির মামলায় বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য গোলাম কিবরিয়া টিপুকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তানভীর রহমান শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এএসআই খাদিজা বেগম জানান।
এর আগে রোববার জাতীয় পার্টির এই নেতা একই আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তানভীর রহমান তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই দিন মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
জিআরও খাদিজা বেগম জানান, মঙ্গলবার জামিন ও রিমান্ড শুনানির দিন ধার্য ছিল। বিচারক শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আদালত থেকে জাতীয় পার্টির নেতা টিপুকে নেওয়ার সময় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করেন। তারা টিপুর শাস্তির দাবি জানান। এ ছাড়া অনেককে প্রিজন ভ্যানে জুতা নিক্ষেপ করতে দেখা গেছে।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল কালাম আজাদ বলেন, এলাকার লোকজন বিক্ষোভ মিছিল করেছে। পরে তাদের শান্ত করা হয়েছে।
২১ নভেম্বর বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আনোয়ার হোসেন হেমায়েত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ এনে টিপুসহ ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেন।
একাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হয়েছিলেন গোলাম কিবরিয়া টিপু। পরে জয়ী হয়েছিলেন তিনি।
বাবুগঞ্জ থানায় করা মামলায় বরাতে জিআরও বলেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ইউনিয়নের ‘ঠাকুর মল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালে সকাল ১০টার দিকে আসামিরা রামদা, লাঠিসোঁটা নিয়ে কেন্দ্রে প্রবেশ করে হামলা চালায়। এ সময় বিএনপি দলীয় প্রার্থীর এজেন্টদের মারধর করা হয়। পরে ভোটকেন্দ্রে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।
এ ছাড়া মামলার বাদী আনোয়ার হোসেনের মোটরসাইকেল ভাঙচুর করে তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে ভোটকেন্দ্র দখল করেন আসামিরা। পরে জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর ব্যালট পেপারে সিল মেরে তাকে সংসদ সদস্য নির্বাচিত করেন।
মামলার অন্য আসামিরা হলেন- একই আসনের সাবেক সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলার সাধারণ সম্পাদক শেখ টিপু সুলতান, বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী এমদাদুল হক দুলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন, উপজেলার সাবেক চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিলন, মাধবপাশা ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, রিয়াজ সরদার, মাধবপাশা ইউনিয়ন তাঁতী দলের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি মো. সোহেল সরদার।
