ফরিদপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
প্রতিবেশী একজন ওই পুকুরে গোসলে নামলে তার পায়ে এক শিশুর লাশের ছোঁয়া লাগে।
ফরিদপুরের সদরপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাই-বোন।
মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের অধীনে সাদের খার গ্রামে এ ঘটনা ঘটে বলে ইউপির চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন জানান।
নিহত তাফসান ফকির (৬) ওই গ্রামের মুকুল ফকিরের ও লামিয়া (১৪) জামাল ফকিরের ছেলে-মেয়ে। মুকুল ও জামাল আপন ভাই।
শিশু দুটির পরিবারের বরাতে এলাকাবাসী জানায়, দুপুর একটার দিকে দুই ভাই-বোন বাড়ির অদূরে একটি পুকুরে গোসল করতে যায়। এরা সাঁতার জনত না। বিকাল ৩টার দিকে প্রতিবেশী এক ব্যক্তি ওই পুকুরে গোসল করতে নামলে পায়ে একটি শিশুর শরীর ঠেকলে তিনি ভয়ে উঠে গিয়ে এলাকাবাসীকে বিষয়টি জানান।
তাফসানের মা খবর পেয়ে পুকুর পাড়ে এসে ছেলের পোশাক দেখতে পান।
পরে স্থানীয়দের সহায়তায় প্রথমে ছেলে তাফসান ও পরে পরে লামিয়াকে উদ্ধার করে দ্রুত চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক কাজী বোরহানুল হক তাদের মৃত বলে ঘোষণা করেন।
বিষ্ণুপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বলেন, “দুপুরে সবার অগোচরে দুটি শিশু পুকুরে নেমে পানিতে ডুবে মারা যায়।”
