২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট সিটি ও জিওসাইকেলের চুক্তি বর্জ্য ব্যবস্থাপনায়

এই চুক্তির আওতায় সিলেট নগরীর প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে ছাতকের সুরমা প্ল্যান্টে নিয়ে ধ্বংস করা হবে।

সিলেট সিটি ও জিওসাইকেলের চুক্তি বর্জ্য ব্যবস্থাপনায়

সিলেট সিটি করপোরেশন ও লাফার্জহোলসিম বাংলাদেশের জিওসাইকেলের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনায় চুক্তি স্বাক্ষরিত হয়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2022, 07:31 PM

Updated : 14 Sep 2022, 07:31 PM

সিলেট সিটি করপোরেশন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।

বুধবার দুপুরে সিলেট নগরীর একটি হোটেলে সিলেট সিটি করপোরেশন ও লাফার্জহোলসিম বাংলাদেশের জিওসাইকেলের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং লাফার্জ হোলসিম বাংলাদেশের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার ও মানবসম্পদ পরিচালক আসিক ভূঁইয়া।

লাফার্জহোলসিম বাংলাদেশের হেড অব জিওসাইকেল কৌশিক মুখার্জি জানান, লাফার্জহোলসিম বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট জিওসাইকেল সিলেট নগরীর প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে ছাতকের সুরমা প্ল্যান্টে নিয়ে তা ধ্বংস করবে। এর ফলে কমে আসবে পরিবেশ দূষণ।

সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এ চুক্তির ফলে নগরীর বর্জ্য দ্রুত অপসারণ করা যাবে এবং একটি পরিচ্ছন্ন নগরীর রূপ পাবে সিলেট মহানগরী।

মেয়র বলেন, “পরীক্ষামূলক বর্জ্য ব্যবস্থাপনার এই সময়টাতে জিওসাইকেল আমাদের পেশাদার কর্মীদের প্রশিক্ষণ দেবে। আমরা এরপর আরও অতিরিক্ত কী কী সেবা তাদের থেকে নিতে পারি সেগুলো নিয়েও কাজ করব।"

লাফার্জহোলসিম কর্তৃপক্ষ জানায়, জিওসাইকেল দেশের পরিবেশ অধিদপ্তরের অনুমোদিত। সারাবিশ্বের ৫০টি দেশে জিওসাইকেল টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছে। দেশের মধ্যে এই প্রথম সিলেট সিটি কর্পোরেশনের সঙ্গে চুক্তি করল প্রতিষ্ঠানটি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, লাফার্জহোলসিম বাংলাদেশের হেড অব জিওসাইকেল কৌশিক মুখার্জি, হেড অব ইন্ডাস্ট্রিয়াল অপারেশনস ও সুরমা প্ল্যান্ট ম্যানেজার হারপাল সিংসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।