কক্সবাজারে মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে নিহত ২
খরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি।
কক্সবাজার সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন।
শনিবার দুপুরে খরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ছমি উদ্দিন।
নিহতরা হলেন- উপজেলার দরগা স্টেশনের শওকতের ছেলে মো. আরফাত (২২) এবং পশ্চিম মুক্তারকুলের নুরুল হকের ছেলে মো. রিসান।
আহত সানি একই এলাকার বাসিন্দা। তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আহতকে হাসপাতালে নিয়ে আসা প্রত্যক্ষদর্শী একজন বলেন, একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী সড়কে ছিটকে পড়েন।
“আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন, আরেকজন চিকিৎসা নিচ্ছেন।”
পুলিশ জানায়, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
