এনআইডির জন্য ছবি তুলে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, ২ শিক্ষার্থী নিহত
পুলিশ জানায়, সাগরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বগুড়ার শেরপুর উপজেলায় কভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছিটকে ট্রাকের চাকায় চাপা পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
সোমবার বেলা ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নূর হোসেন জানান।
নিহতরা হলেন- উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল পূর্বপাড়া গ্রামের সোলায়মানের ছেলে হৃদয় সরকার (২১) ও আব্দুল হাইয়ের ছেলে শুভ শেখ (২১)।
আহত সাগর (২১) ওই এলাকার শাহিনের ছেলে।
স্থানীয়দের বরাতে এসআই নূর বলেন, মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে নতুন ভোটার হিসেবে তিন বন্ধু ছবি তুলতে যান। ছবি তোলা শেষে বাড়িতে ফেরার পথে ওই এলাকায় কভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা ট্রাকের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই শুভর মৃত্যু হয়।
তিনি বলেন, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে হৃদয় মারা যান। পরে সাগরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর নিহত দুইজনের লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
